ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, সারা দেশে আকস্মাৎ বিলুপ্ত রোগ হাম-এর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হাম-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মত টিকা করণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধ মূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানিয়ে এবং ড. মুহাম্মদ ইউনুস, ড. আসিফ নজরুল, সৈয়দ রেজোয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ প্রেরণ করেছেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম কেবল সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবেই নয়, বরং আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহিতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রামের একজন সংগঠক হিসেবে এই নোটিশ প্রদান করেন।
নোটিশে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের নোটিশ প্রদান করা হয়েছে এবং নোটিশ প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছে।
এই লিগ্যাল নোটিশটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহে আজ রোজ সোমবার রেজিস্ট্রি ডাক যোগে প্রেরণ করা হয়েছে।