আজ বিশ্ব বাবা দিবস

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব পিতা দিবস। সন্তানের জীবনে ভালোবাসা, সাহস, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালন করা হচ্ছে।

প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিবসটি পালিত হয়। সেই ধারাবাহিকতায় আজও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। পশ্চিমা বিশ্বে সূচনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বের প্রায় সব দেশেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

ইতিহাস অনুযায়ী, বাবার অবদান ও দায়িত্বের প্রতি সামাজিক স্বীকৃতি বাড়ানোর লক্ষ্যেই পিতা দিবসের প্রচলন শুরু হয়। উনিশ শ আট সালের পাঁচ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথমবারের মতো এই দিবস পালিত হয়। পরে উনিশ শ দশ সালের উনিশ জুন সোনোরা স্মার্ট ডডের উদ্যোগে বিশেষভাবে পিতা দিবস পালন করা হয়, যা পরবর্তীতে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।

এরপর ধীরে ধীরে দিবসটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেতে শুরু করে। উনিশ শ তেরো সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পিতা দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। উনিশ শ চব্বিশ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এ উদ্যোগকে সমর্থন জানান এবং উনিশ শ ছেষট্টি সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন আনুষ্ঠানিকভাবে দিবসটির স্বীকৃতি প্রদান করেন।