এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ঢাকা জেলা উত্তর জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সেঁজুতি হোসাইন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের ঘোষণা দেন। পরে নবাগত নেতাকর্মীদেরও ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দলের আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই তিনি এই দলে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সবাইকে দলে স্বাগত জানানো হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা দলের আদর্শে বিশ্বাস করেন এবং জনগণের কল্যাণে কাজ করতে চান, তাদের জন্য দলের দরজা সবসময় উন্মুক্ত।
তিনি আরও বলেন, দল নতুন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে। সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দলীয় নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের ধারাবাহিকতা সাভার-আশুলিয়া অঞ্চলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।