শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচের শুরুতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে। তবে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস দারুণভাবে চাপ সামাল দেন। দুজনই ইতোমধ্যে অর্ধশতক পূর্ণ করেছেন, যার ফলে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ১৭৪ রান, ক্রিজে রয়েছেন শান্ত ও লিটন।
চট্টগ্রামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’রুরকের বলে কট বিহাইন্ড হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি।
এরপর আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৫ বলে মাত্র ১ রান করে ফেরেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস গড়ার চেষ্টা করেন শান্ত ও সৌম্য সরকার। তবে ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য, ভেঙে যায় এই জুটি।
পরে চতুর্থ উইকেটে শান্ত ও লিটন কুমার দাস ধৈর্যের সঙ্গে ব্যাটিং শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা, চাপে ফেলে দেন কিউই বোলারদের। তাদের জুটিতেই ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।