ফেসবুকে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে গুজব; ২৯ এপ্রিল ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

বুধবার (২৯ এপ্রিল) থেকে দেশে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি পাবে এমন একটি গুজব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়েছে। অথচ আবহাওয়া অধিদফতর জানিয়েছে বুধবার (২৯ এপ্রিল) ঢাকাসহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত এক আবহাওয়া বার্তায় এমন তথ্য পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর কর্তৃক প্রকাশিত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, বুধবার (২৯ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে গুজব ছড়ানো হয় যে, বুধবার (২৯ এপ্রিল) থেকে কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অথচ ফায়ার সার্ভিস জানিয়েছে তারা এমন কোনো বার্তা প্রচার করেনি। অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদও তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত তথ্যকে গুজব ও বানোয়াট বলে উল্লেখ করেন।