লালসবুজ২৪.কম
আবারও সোনার দামে বড় পতন, ভরিতে কত কমল?

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ মানের সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে মূল্য সংযোজন করসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণালয়ে এই দাম কার্যকর থাকবে।

তবে অলঙ্কারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এছাড়া অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে তা আদায় করা যাবে না।

বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মূল্য সংযোজন কর, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে বলেও জানিয়েছে সমিতি। পাশাপাশি রুপার অলঙ্কারের মূল্য সংযোজন কর সংক্রান্ত বিষয়ে শিগগিরই পৃথক সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, গত ২৯ জুনও সোনার দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি ভরি ২২ মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।

বর্তমানে ২১ মানের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ মানের সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৮৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার মূল্য সংযোজন কর সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com