লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
বাংলা কিউআরের মাধ্যমে পণ্য ও সেবার মূল্য পরিশোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংক বা সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ন্যূনতম ১ শতাংশ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট হার আদায় করতে পারবে। এই ফির মধ্যেই মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ব্যবস্থা বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরই মধ্যে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান, পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পরিশোধ ব্যবস্থার প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের প্রজ্ঞাপনে উল্লেখিত অন্যান্য সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত থাকবে। তবে বাংলা কিউআর পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ঋণ কার্ড এবং মোবাইল আর্থিক সেবা বা পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মার্চেন্টের অর্থ পরিশোধের ক্ষেত্রে মার্চেন্টের কাছ থেকে আদায়যোগ্য ন্যূনতম মার্চেন্ট ডিসকাউন্ট হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশে ডিজিটাল লেনদেনের প্রসার ও উন্নয়নের স্বার্থে যে কোনো অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে প্রচারণামূলক কর্মসূচি বা বিশেষ ছাড়ের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।