লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে বিশেষভাবে তৈরি গোপন সুড়ঙ্গের ভেতর থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী বলেও জানা গেছে।
শুক্রবার রাত বারোটার পর গুলশান-দুই এলাকার একটি বাসা ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার সকালে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত একটি গোপন সুড়ঙ্গের ভেতর আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
পুলিশের গুলশান এলাকার সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আবুল বাশারের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বহু মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শনিবারই তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত বছরের অক্টোবর মাসেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে বের হয়ে পুনরায় প্রতারণার কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, মির্জা আবুল বাশার পটুয়াখালী সদর উপজেলার ইসলামাবাদের পশ্চিম আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত। চাকরি, ডিলারশিপসহ নানা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগীদের মধ্যে সেনাসদস্য, পুলিশ সদস্য, সাংবাদিকসহ সাধারণ মানুষও রয়েছেন বলে জানা গেছে। দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।