লালসবুজ২৪.কম
ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, পবিত্র কাবা দেখে আবেগঘন বার্তা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তার সঙ্গে রয়েছেন মা, বাবা ও বোন।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইকৃত পাতায় পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে ওমরাহ পালনের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে পবিত্র কাবা শরিফ প্রথম দেখার অনুভূতিও সবার সঙ্গে ভাগ করে নেন।

ভাবনা লিখেছেন, প্রথমবার পবিত্র কাবা শরিফের দিকে তাকিয়ে তার মনে হয়েছে যেন সব শব্দ হারিয়ে গেছে। ভাষায় সেই মুহূর্তের গভীর আবেগ, অন্তরের প্রশান্তি এবং অসীম কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও লিখেছেন, জীবনের এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর কাছে তিনি অশেষ কৃতজ্ঞ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী বলে উল্লেখ করেন অভিনেত্রী।

তার এই বার্তা প্রকাশের পর থেকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা মন্তব্যের মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন। অনেকেই ভাবনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com