লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে।
একই সময়ে আরও ৯৬৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।