লালসবুজ২৪.কম
রামিসা ধর্ষণ-হত্যা: পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শিগগিরই শুরু হতে পারে ডেথ রেফারেন্স শুনানি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন এবং কারা আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো সময় হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি মুদ্রণালয় থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে নথিগুলোর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে ৯ জুন আলোচিত এ মামলার মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত নথি হাইকোর্টে পাঠানো হয়। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নথি উচ্চ আদালতে প্রেরণ করেন।

বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এ প্রক্রিয়াই মৃত্যুদণ্ড অনুমোদন মামলা হিসেবে পরিচিত।

গত ৭ জুন আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। একইসঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালত নির্দেশ দেন, এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও রায়ে উল্লেখ করা হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, হত্যাকাণ্ডের আগে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় অপরাধ স্বেচ্ছায় স্বীকারের বিষয়টিও প্রতীয়মান হয়েছে। একইসঙ্গে স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধ সংঘটনে সহযোগিতা এবং তা প্রতিরোধে ব্যর্থতার প্রমাণও আদালতের কাছে উপস্থাপিত হয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com