লালসবুজ২৪.কম
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানির শেষ দিনে গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক উচ্চ আদালতে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এরপর উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একই বিষয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আপিলের অনুমতি মঞ্জুর করেন। একই সঙ্গে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ওই আসনের চূড়ান্ত ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেনি।

গত ১৫ জুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত নিযুক্ত দুই জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী আদালতকে সহায়তা করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মঙ্গলবার ঘোষিত রায়ে আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com