লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৩টায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, আগামীকাল সংসদ অধিবেশন শেষে মুলতবি হবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ২৯ মার্চ শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রথম অধিবেশনে কী কী উত্থাপন হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে সংসদে ফায়সালা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, সাড়ে ১২টায় শুরু হয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ, স্পিকার ও কমিটির সভাপতি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও সময়সীমা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন শুরু হবে এবং ৩০ এপ্রিল অধিবেশন সমাপ্ত হবে।
এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি; বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির, এমপি। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।