লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।
ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির বলেন, ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মরে গেছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই।
উপদেষ্টা বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যাওয়ার পথে ভারতে একটি সৌজন্য সফরও করবেন তারা। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।
দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে— এমনটাই জানান হুমায়ুন কবির।