লালসবুজ২৪.কম
১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদের সরকারি দলের সদস্য লুৎফুর রহমান (কক্সবাজার-৩) এর এক তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় পরিশোধ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে হজ সংক্রান্ত প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে ধর্মমন্ত্রী আরও বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে চলেছে এবং নির্ধারিত সময়েই হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

লিখিত প্রশ্নে এমপি লুৎফুর রহমান জানতে চান, হজ পালনের ব্যয় কমাতে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না। জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় কমানোর বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, সরকার হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে ধারাবাহিকভাবে কাজ করছে। ভবিষ্যতে ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com