লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের শার্টের রং রাখা হয়েছে হালকা জলপাই।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারার আওতায় সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক পুলিশ পোশাক বিধিমালা, ২০২৫-এর সংশোধনী জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত লৌহবর্ণ শার্টের পরিবর্তে গাঢ় নীল শার্ট এবং কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের প্যান্ট ব্যবহার করা হবে। পাশাপাশি জ্যাকেট, উলের জামা, কার্ডিগান ও পুলওভারের রংও গাঢ় নীল করা হয়েছে। তবে মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট ও জ্যাকেট হবে হালকা জলপাই রঙের।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও আনা হয়েছে পরিবর্তন। নতুন বিধান অনুযায়ী, তারা গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরতে পারবেন। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
এছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত কিংবা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।