লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
র্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান রোববার সকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ওই দিনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তারা গুরুতর ঝুঁকিতে পড়বে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, দেশের সব ইউনিটে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনোভাবে নিরাপত্তা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন তৎপরতার তথ্য পাওয়া যাচ্ছে। এ অবস্থায় নাশকতার আশঙ্কা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য গোপন মিছিল ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি ও অবস্থান গ্রহণ করেছে।