লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ আখ্যা দিয়ে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।
তিনি জানান, কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাহেদ উর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি আগে থেকেই জানানো থাকার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
চলতি মাসের শুরুতে ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের একটি বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো নিজ দেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষা দেওয়া।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।