লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:০১ পিএম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই উড়োজাহাজে দেশে ফেরেন।
এর আগে চীনের বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চীনের একটি বিমান সংস্থার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে বিদায় জানান চীনের রাষ্ট্রপতির বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ২২ জুন রাতে সেখান থেকে চীনের দালিয়ান শহরে পৌঁছান তিনি।
চীন সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। এরপর দালিয়ান থেকে দ্রুতগতির রেলগাড়িতে বেইজিং যান তিনি। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।