লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের চিকিৎসা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসা বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে তার অসুস্থ হয়ে পড়ার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।