লালসবুজ২৪.কম
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার) দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুপুর ২টায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং প্রতি শিশুকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘এক শিশু, এক গাছ’ উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় থাকা ২৯ হাজার ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল ও কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হবে।

প্রথমে সোমবার সকাল ১০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেবেন। পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

এ উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ও উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে।

অনুষ্ঠান সফল করতে গতকাল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com