লালসবুজ২৪.কম
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়: মির্জা ফখরুল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শে পরিচালিত একটি সংগঠিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর একটি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই দলটি রাজনীতি করে। তবে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে, তা বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিংবা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনৈতিক ধারা সমর্থন করে।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সরকার জুলাই সনদ মানেনি বলে জামায়াত যে অভিযোগ তুলেছে, তা সঠিক নয়। তাঁর ভাষ্য, সনদের প্রতিটি অংশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। পাশাপাশি নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া জনসমর্থনের ভিত্তিতে সেসব বিষয় বাস্তবায়ন করবে বলেও সনদে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, জনগণ বিএনপিকে যে জনসমর্থন দিয়েছে, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে জুলাই সনদের বিভিন্ন শর্তও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সংবিধান সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হলেও জামায়াত সেই পথে না গিয়ে ১১টি দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিভাগ এবং ঢাকায় একাধিক সভা-সমাবেশ করলেও জামায়াত জনগণের প্রত্যাশিত সাড়া পায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছেন বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তাঁর বিশ্বাস।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com