লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দান সংগ্রহ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য।
বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি দানবাক্স সিলগালা করা হয়। এ সময় মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একটি বড় এবং কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সব ধরনের অনুদান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। পরবর্তী সময়ে হিসাব সংরক্ষণের আধুনিক ব্যবস্থা চালু, নিয়মিত নিরীক্ষা এবং স্বচ্ছ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। সম্প্রতি পরিকল্পনা কমিশনের এক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হলে প্রশাসন আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়।