লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:০৭ পিএম
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকেরা এখনো অস্ত্রোপচার করেননি।
প্রেমের বাবা ইউনুস মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গুলি বের করতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও তা করা সম্ভব হয়নি। তিনি বলেন, ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। প্রয়োজনীয় রক্ত দেওয়া হচ্ছে। জ্যেষ্ঠ শল্যচিকিৎসক এলে অস্ত্রোপচার করে গুলি বের করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কান্নাজড়িত কণ্ঠে প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে তার একমাত্র সন্তান গুলিবিদ্ধ হয়েছে। মাঝেমধ্যে চোখ খুললেও অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটি চরম কষ্টে রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি প্রেমের ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। ঝুঁকি বেশি থাকায় সেখানে অস্ত্রোপচার করা হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে প্রেমের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ছয়জন অজ্ঞাত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, মামলার পর অভিযান চালিয়ে শ্রাবণ নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, এ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা ও গুলিবর্ষণ করে। এতে ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আগের রাতের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবর্ষণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
গুলিবিদ্ধ ইথান আহমেদ প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, টিফিনের বিরতিতে বাসায় ফেরার সময় সে গুলিবিদ্ধ হয়।