লালসবুজ২৪.কম
রাজধানীতে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগর পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী।

রোববার (২৮ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময় নিলুফার ইয়াসমিন নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার উপপরিদর্শক মোছা. ফাতেমা জানান, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মহানগর পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের দাবি, সন্তানদের পড়াশোনা, আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় নিলুফার এই পথ বেছে নেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com