লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের বাসায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। স্থানীয়দের দাবি, মাসুদ আহমদই ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর।
এছাড়া স্থানীয়ভাবে তিনি মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন বলেও জানা গেছে।
তবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওই সফর কিংবা ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, এটি একান্ত ব্যক্তিগত আমন্ত্রণে করা সফর। মাসুক কমিশনারের বাসায় তারা গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, মাসুক কমিশনার কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং অতীতে আন্দোলনের সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এ বিষয়ে মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং জেলা কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।