লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৯ পিএম
ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হবে বলে রায় দিয়েছেন ফ্রান্সের একটি আপিল আদালত। শুক্রবার আদালতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি ক্লাব পর্যায়ে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা প্রতিযোগিতার শিরোপা জয়ের পর বর্তমানে বিশ্বকাপে অংশ নিচ্ছেন হাকিমি। গত ফেব্রুয়ারিতে তদন্তকারী বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর পক্ষে মত দেন। সেই সুপারিশের ভিত্তিতেই সর্বশেষ এই সিদ্ধান্ত এসেছে।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেই আদালতের রায় শুনতে হলো হাকিমিকে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় ২৪ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন, হাকিমি তাকে প্যারিসে নিজের বাসভবনে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। তবে মরক্কোর এই তারকা ফুটবলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
ভার্সাই আপিল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণের অভিযোগে হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মতে, তদন্ত ও বিচারিক অনুসন্ধানে এমন পর্যাপ্ত উপাদান পাওয়া গেছে, যা তাকে বিচারের আওতায় আনার জন্য যথেষ্ট।
এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাকিমি দাবি করেন, তিনি পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি না হলে মামলাটি অনেক আগেই খারিজ হয়ে যেত। তার ভাষ্য, অনেক সময় তার মনে হয় তিনি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তবে মামলার বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।