লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে একসঙ্গে বসবাস করা এই জুটির সংসারে রয়েছে পাঁচ সন্তান, যাদের মধ্যে দুজনের মা জর্জিনা রদ্রিগেজ। এবার তারা সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে নতুন পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছেন।
স্পেনের জনপ্রিয় সাময়িকী হোলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ ইতোমধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। এরই মধ্যে বিয়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।
গত বছরের আগস্টে ক্রিশ্চিয়ানো রোনালদো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। পরে জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং রোনালদোর দেওয়া হীরার আংটির ছবিও প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে রোনালদো রসিকতা করে বলেছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করবেন এবং বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আশা করেন।
বিশ্বকাপ চলাকালে এই বিয়ের গুঞ্জন নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে মন্তব্য না করলেও বিষয়টি অস্বীকারও করেননি। ফলে ধারণা করা হচ্ছে, তাদের বিয়ের পরিকল্পনা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।
৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এতে ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।