লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৩১ পিএম
ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য আইনসভার ভোট অনুষ্ঠিত হয়েছে দক্ষিণী দুই রাজ্য তামিলনাড়ু-কেরালার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে। কিছু রাজ্যে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে রয়েছে। আবার আঞ্চলিক কিছু দলও কয়েক রাউন্ড গণনা শেষে স্ব স্ব রাজ্যে প্রভাব বিস্তাব করছে।
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮০। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১১১।
তামিলনাড়ুতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৩৮ আসনে।
কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৫৯ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। এনডিএ জোট এগিয়ে আছে ৬ আসনে। আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে। কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে।
কেন্দ্রশাসিত পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে তিনটি আসনে।