লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। শিশুদের অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট এবং ডিজিটাল আসক্তি থেকে সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের নিচে কেউ কোনো ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স এবং স্ন্যাপচ্যাটসহ সব প্ল্যাটফর্মে তাদের প্রবেশ বন্ধ থাকবে। এমনকি পোস্ট করা, মন্তব্য করা বা অনলাইন আলোচনায় অংশ নেওয়ার সুযোগও থাকবে না। অভিভাবকের অনুমতি থাকলেও এই বিধিনিষেধের কোনো ব্যতিক্রম হবে না।
তবে ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সীমিত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে কঠোর বয়সভিত্তিক নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ফিচার বন্ধ এবং বাধ্যতামূলক অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।
সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। এর জন্য ডিজিটাল পরিচয় যাচাই, বায়োমেট্রিক পদ্ধতি বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর দেওয়া বয়স একা গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি শিশুদের কার্যক্রম বিশ্লেষণ করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
এই সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ তৈরি করা। বর্তমান ডিজিটাল যুগে সুযোগের পাশাপাশি ঝুঁকিও বাড়ছে—এ কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার অংশ হিসেবে অভিভাবকদের জন্য ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি সচেতনতা, স্ক্রিন ব্যবহারের সময় নিয়ন্ত্রণসহ নানা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে।
নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে জরিমানা, আংশিক নিষেধাজ্ঞা বা প্রয়োজন হলে সম্পূর্ণ নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে পুরো বয়স যাচাই প্রক্রিয়ায় গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত সরকারি গেজেটে প্রকাশের পর কার্যকর হবে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হবে।