লালসবুজ২৪.কম
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজ ১১ হাজার মানুষ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তাদের অনেকেই।

বিরোধী একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ঠিকানা চালু করেছে। সেখানে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ১১ হাজার মানুষের নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, যেসব মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, তারাই কেবল এই তথ্য জমা দিতে পেরেছেন। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকার প্রকৃত পরিস্থিতি এখনো পুরোপুরি জানা যায়নি। ফলে নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর দেশজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন এলাকার বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, প্রবল কম্পনে অসংখ্য ঘরবাড়ি মুহূর্তেই ধসে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়।

ভূমিকম্পের সময় দেশটিতে সপ্তাহব্যাপী সরকারি ছুটি চলছিল। ফলে অধিকাংশ মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজধানী কারাকাসে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। শহরের বহু বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত বিভিন্ন ছবি ও দৃশ্যে দেখা গেছে, অনেক ভবন সম্পূর্ণ ধসে মাটির সঙ্গে মিশে গেছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত এই দুর্যোগে ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com