লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
সৌদি আরবে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তর উপকূলের কাছে রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
রোববার (২৮ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানায়, সৌদি আরামকো তেল কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি রাস তানুরায় দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা পাইলটসহ সব আরোহীই ছিলেন সৌদি নাগরিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইরান যুদ্ধের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা তেল শোধনাগারে আবারও কার্যক্রম শুরু করে সৌদি আরামকো।