লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৬ পিএম
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ২৬ দশমিক ৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫ দশমিক ২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
এর আগে রোববার রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১ দশমিক ৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ও এর আশপাশের অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।