লালসবুজ২৪.কম
খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাল বাংলাদেশের প্রতিনিধি দল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে তেহরানে পৌঁছেছেন প্রতিনিধি দল। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ছয়টায় তাঁরা ইরান পৌঁছান।

বাংলাদেশ সময় দুপুর পৌনে একটায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে জাতীয় সংসদের স্পিকার ও জামায়াতে ইসলামীর নেতাসহ প্রতিনিধি দলের ১০ সদস্য উপস্থিত হয়েছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাঁকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com