৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৮ জুন) সরকারি কর্ম কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ২০১ জনকে মনোনীত করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ফল প্রকাশ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করে সরকারি কর্ম কমিশন।
এরপর একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।