এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ জন, বহিষ্কার ৭
চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার বাংলা বিষয়ের প্রথম দিনের পরীক্ষায় সারাদেশে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা আবশ্যিক প্রথম পত্র পরীক্ষায় মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক শূন্য এক শতাংশ।
বোর্ডভিত্তিক অনুপস্থিতির মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন অনুপস্থিত ছিলেন।
অসদুপায়ের দায়ে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জনসহ মোট ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং ১ জনকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে ৮টি কেন্দ্রে পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।