শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে ফিরবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি।

বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হচ্ছে।