হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রার শুরুটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলে ড্র করে ম্যাচ শেষ করে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগেই ফিফার সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ব্রাজিল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

মরক্কোর সঙ্গে ড্র করেও লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারানোয় পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের সঙ্গে ড্র করে এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে উঠেছে মরক্কো।

শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আগের অবস্থানই ধরে রেখেছে, যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে।

তবে শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর পয়েন্ট বাড়ালেও শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯ দশমিক শূন্য ছয়, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে এগারো নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা পেয়েছে তেরো নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন চৌদ্দ নম্বরে নেমে গেছে।

যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে পনেরো নম্বরে উঠেছে। জাপান এক ধাপ উন্নতি করে সতেরো নম্বরে অবস্থান করছে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে এখন তেতাল্লিশ নম্বরে পৌঁছেছে।