আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার নিন্দা জানিয়েছে বাংলা‌দেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের পক্ষ থেকে এ শোক ও নিন্দা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার। পাশাপাশি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সহমর্মিতা প্রকাশ করেন।

জাতীয় সংসদের পৃথক এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন তিনি।

স্পিকার আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মোহাম্মদ বাকের গালিবাফকে আমন্ত্রণ জানান জাতীয় সংসদের স্পিকার।

ইরানের সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের পার্লামেন্টের উপস্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনার পর বাংলাদেশ শোক প্রকাশ করেছিল। তবে সে সময় হত্যাকাণ্ডের নিন্দা না জানানো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।