তেহরানে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৪ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানান, বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিশেষ করে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আফগানিস্তানের চলমান অর্থনৈতিক পুনর্গঠন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ উভয় দেশের জন্যই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।