ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক, ছবি ভাইরাল
জামালপুরের বকশীগঞ্জে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ের পর এক আর্জেন্টিনা সমর্থক নিজের মাথা ন্যাড়া করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।
শনিবার (২০ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ জুম্মান নামের ওই সমর্থক নিজের মাথা ন্যাড়া করেন।
এর আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঘোষণা দেন, শনিবার সকালের ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
নির্ধারিত ম্যাচে হাইতিকে তিন গোল দিয়ে ব্রাজিল জয় নিশ্চিত করলে তিনি নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন। এ সময় তিনি আর্জেন্টিনার জার্সি পরে সাধুরপাড়া বাজারে উপস্থিত হন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ বিষয়ে ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলা আমার কাছে বিনোদনের অংশ। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার কথা রেখেছি। তবে আমি আর্জেন্টিনারই সমর্থক এবং ভবিষ্যতেও থাকব।