নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।
পারিবারিক সূত্র জানায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। অন্যদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে তিন শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। এরপর তাদের মৃত ঘোষণা করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।