চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটার জাহাজের সংঘর্ষ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটার জাহাজের সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরসংলগ্ন মোহনায় ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি বে হারবার-২’।
উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর জাহাজটির ১২ জন নাবিক নিখোঁজ হন। খবর পেয়ে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে আটজন নাবিককে উদ্ধার করে।
অন্যদিকে বাকি চার নাবিক ভেসে পারকি সমুদ্রসৈকত এলাকায় পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরও নিরাপদে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।