বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শাজাহানপুর উপজেলার খাদাস এলাকার আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম পাঁচফুল। এদের মধ্যে সাগর ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
এছাড়া ঘটনার সময় নাবালক থাকায় আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে ছিলেন। আসামিরা সবাই প্রতিবেশী ও পরিচিত ছিলেন। ২০১৮ সালের ১৫ জুলাই তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়। পরে ১৮ জুলাই মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিহতের বাবা এনামুল হক শাজাহানপুর থানায় মামলা করেন।
ঘটনার আগে এনামুল হক প্রবাস থেকে দেশে ফেরার পর প্রধান আসামি আবুল কালাম আজাদ তার কাছে বিভিন্ন সময় অর্থ দাবি করতেন। ঘটনার দিনও তিনি এক লাখ টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন বিকেল থেকেই শিশু রিফাত নিখোঁজ হয়ে যায়।
পরবর্তীতে খোঁজাখুঁজির পরও সন্তানকে না পেয়ে তিনি সাধারণ ডায়েরি করেন। তিন দিন পর স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পারেন, পাশের গ্রামের একটি সেতুর নিচে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে তিনি রিফাতের মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় মোট ১১ জনকে আসামি করা হয়েছিল। বিচার চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতে, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।