নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা তরুণ আটক

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৫)। দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন জানান, একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অন্য প্রান্তে একটি ইট যুক্ত করে নাগরিয়াকান্দি সেতু থেকে নিচের নদীতে নিক্ষেপ করছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গতকাল দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।