ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে বিপাকে মাদকসেবী!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেশার জন্য টাকা চেয়ে বিপাকে পড়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বাবলু বেপারী নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার বাসিন্দা এবং নান্নু বেপারীর ছেলে।
জানা গেছে, বুধবার গভীর রাতে নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে হাঁটছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় বাবলু বেপারী তার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। পাশাপাশি তিনি নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
তার এমন আচরণে উপস্থিত লোকজন বিস্মিত হন। পরে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি তার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।