ইয়ামাল-ওইয়ারসাবালের ঝলকে সৌদি আরবকে গুঁড়িয়ে দিল স্পেন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫২ এএম

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল স্পেন। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের চ্যাম্পিয়নরা। সৌদি আরবের জালে চার গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে তারা।

রোববার আটলান্টায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

ম্যাচের ১০ মিনিটেই স্পেনকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। চোট কাটিয়ে দলে ফেরা এই তরুণ তারকা শুরুর একাদশে সুযোগ পেয়ে গোল করে কোচের আস্থার প্রতিদান দেন।

এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। মাত্র এক মিনিট পর আবারও সৌদি আরবের জালে বল পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্পেন অধিনায়ক। তার দুই গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে স্প্যানিশরা। ম্যাচের ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি ঠেকালেও বল হাসান আল তামবাকতির গায়ে লেগে নিজেদের জালেই প্রবেশ করে। তাতেই ৪-০ ব্যবধান নিশ্চিত হয়।

ম্যাচের বাকি সময়ে সৌদি আরব চেষ্টা করেও স্পেনের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

বিশ্ব ফুটবলের সংস্থার ক্রমতালিকায় তিন নম্বরে থাকা স্পেন এই জয়ে আসরে প্রথম পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল। অন্যদিকে সৌদি আরব এখনো প্রথম জয়ের অপেক্ষায় রইল।