টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল
কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই জালের দেখা পেয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি।
ভিনিসিয়ুসের এই ধারাবাহিক গোল করার রেকর্ড ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। কারণ বিশ্বকাপের ইতিহাসে একটি বিশেষ পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বলছে। অতীতে যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন, তখনই শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেছে সেলেসাওরা।
১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর ১৯৯৪ বিশ্বকাপে একই কীর্তি গড়েন রোমারিও, আর সেইবারও শিরোপা ওঠে ব্রাজিলের হাতে।
২০০২ বিশ্বকাপে আরও এক ধাপ এগিয়ে যান রোনালদো ও রিভালদো। দুজনই গ্রুপ পর্বের তিনটি ম্যাচে গোল করেন এবং শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
এবার ২০২৬ বিশ্বকাপে সেই তালিকায় নাম তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করে তিনি ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছেন। ফলে পুরোনো সেই ধারার ভিত্তিতে অনেকেই ব্রাজিলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন।
তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। তারপরও জাইরজিনিও, রোমারিও, রোনালদো ও রিভালদোর পর ভিনিসিয়ুসের এমন কীর্তি বিশ্বকাপের বাকি পথ নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ধারা ধরে রেখে ব্রাজিলকে শিরোপার মঞ্চে তুলতে পারেন কি না এই তারকা।