ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে নরওয়ে অথবা আইভরি কোস্টের বিপক্ষে খেলবে।
পরিসংখ্যান ও বিশ্লেষণে এগিয়ে রয়েছে ব্রাজিল। অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে দেখা গেছে, নির্ধারিত নব্বই মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে জাপানের জয় সম্ভাবনা ১৮ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ দশমিক ৩ শতাংশ।
ছন্দে থাকা ব্রাজিল-
গ্রুপ পর্বে দারুণ ফর্মে ছিল ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে একে একে এক গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা তিন শূন্য ব্যবধানে হারিয়ে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে দলটি। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর থেকে টানা সাত গোল করেছে ব্রাজিল, তবে কোনো গোল হজম করেনি তারা।
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। তিনি এখন এমন একটি কীর্তির সামনে, যা ব্রাজিলের ইতিহাসে মাত্র চারজন ফুটবলারের রয়েছে—চারটি বিশ্বকাপে অংশগ্রহণ। তবে সাম্প্রতিক নকআউট পর্বে ব্রাজিলের পারফরম্যান্স খুব একটা সুখকর নয়; শেষ ছয়টি নকআউট ম্যাচের চারটিতেই বিদায় নিতে হয়েছে তাদের।
ইতিহাস বদলাতে চায় জাপান-
বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি জাপান। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে চার শূন্য গোলের বড় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি।
অধিনায়ক ওয়াতারু এন্দো এবং তারকা উইঙ্গার কাওরু মিতোমা ইনজুরির কারণে না থাকলেও জাপান টানা দশ ম্যাচ অপরাজিত রয়েছে। এই সময়ে একটি প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকেও পরাজিত করেছিল।
স্ট্রাইকার আয়াসে উয়েদা এই টুর্নামেন্টে তিন গোল করে জাপানের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান-
এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৪ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১ ম্যাচে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে একবার। তবে সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছিল জাপান। গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত ম্যাচে ৩–২ ব্যবধানে জয় পায় তারা, যদিও ব্রাজিল তখন দুই গোলের লিডে ছিল।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে, যেখানে ব্রাজিল ৪–১ ব্যবধানে জয়ী হয়েছিল।