ভেনেজুয়েলার বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালেন নেইমার, দিলেন ৩ কোটি টাকা অনুদান
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। তিনি প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা।
ভেনেজুয়েলার একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নেইমারের দেওয়া এই অর্থ জরুরি মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এতে দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সরঞ্জাম এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার এই সামান্য সহায়তা যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে কিছুটা স্বস্তি এনে দেয়, সেটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২৩৮ জন। এছাড়া অন্তত ৩১৪২টি পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।
এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী উদ্ধার সরঞ্জামের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
অন্যদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার দিকেও এগোচ্ছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে জাপানের বিপক্ষে ম্যাচে তাকে আগের চেয়ে বেশি সময় মাঠে দেখা যেতে পারে।